সোনারগাঁয়ে বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট এলাকায় ব্যাপারী মার্কেটসহ আশপাশের তিন গ্রামে গতকাল সোমবার ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে এ অবস্থার সৃষ্টি হয়। এতে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। ব্যবসায়ীদের মালামালের ক্ষতি হয়।
স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত সোনারগাঁয়ে মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির পানি কোথাও নিষ্কাশিত হতে না পেরে উপজেলার মেঘনা ঘাট শিল্পনগরী এলাকার ব্যাপারী মার্কেটের পাইকারি ব্যবসায়ীদের চাল, ডালসহ মালামাল পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায়।
ব্যাপারী মার্কেটের চাল ব্যবসায়ী আনসার আলী বলেন, বিভিন্ন দোকান ও গুদামে পানি ঢুকে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে।
ব্যাপারী মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আজম মিয়া বলেন, এই এলাকায় পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা তলিয়ে যায়। বৃষ্টিতে ব্যবসায়ীদের এত বেশি ক্ষতি হয়েছে যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।
এ ছাড়া মেঘনা সেতুর টোল প্লাজার পূর্ব পাশের শাহজালাল পেপার মিলের গেট থেকে মেঘনা লঞ্চঘাট পর্যন্ত বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে যানবাহন চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিল। সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে পানিনিষ্কাশন না হওয়ায় মেঘনা ঘাট এলাকার কাদিরগঞ্জ, ইসলামপুর ও আদর্শ গ্রামের প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অধিকাংশ মানুষের ঘরের ভেতরে হাঁটুপানি জমে যায়। গবাদিপশু নিয়ে বিপাকে পড়ে মানুষ।
কাদিরগঞ্জ গ্রামের বাসিন্দা আবু সাঈদ বলেন, ‘আমাদের গ্রামে জলাবদ্ধতা হওয়ায় মারাত্মক সমস্যায় আছি।’
পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, একটি প্রকল্পের মাধ্যমে নালা নির্মাণ করে জলাবদ্ধতার সমস্যা নিরসন করা হবে।