নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার চিলারবাগ থেকে পানাম নগর পর্যন্ত সড়কটি অপ্রশস্ত। ওই সড়কের ওপর দোকানপাট নির্মাণ করে দখল করার কারণে প্রতিদিন শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা যানজটের কবলে পড়ছে। ফলে সোনারগাঁয়ে বেড়াতে আসা হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক ভোগান্তির শিকার হচ্ছে। জানা যায়, সোনারগাঁ পৌরসভার চিলারবাগ থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন হয়ে পানাম নগর পর্যন্ত সড়কটি ব্যবহার করে প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকেরা লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং পানাম নগর পরিদর্শন করতে আসে। বিশেষ করে, শীত মৌসুমে এবং বর্তমানে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উপলক্ষে প্রতিদিন গড়ে ৫০ হাজার লোক এখানে সমবেত হয়। এ ছাড়া শীত মৌসুমে বিভিন্ন স্থান থেকে পিকনিক পার্টিও এখানে এসে ভিড় জমায়। লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং পানাম নগরে যাতায়াতের একমাত্র সড়কটিতে শত শত যানবাহনের চাপে প্রতিদিন গড়ে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত যানবাহনগুলোকে যানজটে পড়ে থাকতে হয়।এলাকাবাসী জানায়, সড়কটি সোনারগাঁ পৌরসভার ভেতরে হলেও এখনো সড়ক ও জনপথ অধিদপ্তর নারায়ণগঞ্জ বিভাগের অধীনে রয়ে গেছে। ফলে পৌরসভা ইচ্ছে করলেও এ সড়ক প্রশস্ত কিংবা মেরামত করতে পারে না।গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটিতে শত শত যানবাহন যানজটে আটকা পড়ে আছে। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটকের সামনে সড়কের ওপর ছোট ছোট টং দোকান তুলে দখল করে রাখা হয়েছে। এসব অবৈধ স্থাপনার জন্য আরও বেশি যানজট সৃষ্টি হচ্ছে।ঢাকার মোহাম্মদপুর থেকে বেড়াতে আসা একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আসিফ আলমগীর জানান, ‘এখানে বেড়াতে এসে এত বড় যানজটের কবলে পড়তে হবে, আগে জানতাম না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগরিকা নাসরিন জানান, রাস্তার ওপর থেকে দোকানপাট সরিয়ে নেওয়া না হলে আগামী এক সপ্তাহের মধ্যে এসব দোকান উচ্ছেদ করা হবে।সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান জানান, ‘রাস্তাটি সওজের অধীনে হওয়ার কারণে আমরা মেরামত কিংবা প্রশস্ত করার কোনো কাজ করতে পারছি না।’লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ বলেন, ‘গুরুত্বপূর্ণ এ সড়কটি অবিলম্বে প্রশস্ত করা দরকার। আমরা সড়কটি প্রশস্ত ও মেরামত করার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।’