সোনারগাঁয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত শনিবার রাতে এক ব্যক্তির ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।উপজেলার গাংকুলকান্দি গ্রামের বজলুর রহমান অভিযোগ করেন, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে উপজেলার সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে গত শনিবার রাতে সনমান্দি ইউনিয়নের ফতেপুর দড়িকান্দি স্ট্যান্ড এলাকায় তাঁর আইসক্রিমের ফ্যাক্টরি ও দোকানে হামলা চালায় বিল্লাল হোসেনের ৫০-৬০ জনের একটি দল। হামলায় বজলুর রহমানের পক্ষের আমির হোসেন (৩০), শাহানাজসহ (৪৫) কমপক্ষে পাঁচজন আহত হন।বজলুর রহমানের দাবি, হামলার সময় টাকা, আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে তাঁর প্রতিপক্ষ।তবে হামলার অভিযোগ অস্বীকার করে বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, তিনি এই হামলার সঙ্গে জড়িত নন। বরং তাঁর কেনা জমি বজলুর রহমানের লোকজন দখল করে রেখেছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় বজলুর রহমান মামলা করেছেন। পুলিশ বিল্লাল হোসেনের পক্ষের আসাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে।