সোনারগাঁয়ে ব্যবসায়ী মিজান হত্যা মামলায় আসামির জবানবন্দি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার স্বর্ণ ব্যবসায়ী মিজানুর রহমান হত্যা মামলায় এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত সোমবার নারায়ণগঞ্জে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আসামি মিজান ওই জবানবন্দি দেন।সোনারগাঁয়ের গঙ্গাপুর গ্রামের বাসিন্দা মিজানুরকে গত ৪ ফেব্রুয়ারি কুপিয়ে হত্যা করে কাঁচপুর ট্রাক টার্মিনালের পাশের একটি পুকুরে লাশ ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় মিজানুরের ভগ্নিপতি ওয়াদুদ রানা ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলার আসামি ঝালকাঠির নলছিটি উপজেলার সোনাপুর গ্রামের মিজানকে গত রোববার গ্রেপ্তার করে পুলিশ। এর আগে পুলিশ এ হত্যা মামলার আরেক আসামি বিল্লালকে গ্রেপ্তার করে। বিল্লাল ও মিজান দুজনই বর্তমানে নারায়ণগঞ্জ কারাগারে আছেন।মামলার তদন্ত কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মিজান তাঁর জবানবন্দিতে বলেছেন, কয়েক বছর আগে তিনি সোনারগাঁর একটি কারখানায় কাজ করতেন। একপর্যায়ে স্থানীয় সন্ত্রাসী বিল্লালের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। গত ৪ ফেব্রুয়ারি বিল্লাল তাঁকে ফোন করে কাঁচপুরে ডেকে নেন। সেখানে এক নারীর মাধ্যমে ব্যবসায়ী মিজানুরকে ডেকে আনা হয়। এরপর বিল্লাল, সজীব ও তিনি (মিজান) মিলে মিজানুর রহমানের হাত-পা বেঁধে ছুরি দিয়ে আঘাত করেন। মিজানুর তাঁদের চিনে ফেলায় তাঁকে গলা কেটে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়।ব্যক্তিগত শত্রুতার কারণে বিল্লাল ব্যবসায়ী মিজানুরকে হত্যা করেন বলে জবানবন্দিতে বলেন মিজান।এসআই নজরুল আরও বলেন, বিল্লাল ও মিজান বর্তমানে জেলহাজতে। সজীব ও ওই নারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।