সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে গত সোমবার রাতে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এলাকাবাসী সূত্রের বর্ণনা অনুযায়ী সোমবার বিকেলে গোহাট্টা গ্রামের সবজি ব্যবসায়ী মো. দেলোয়ারের ছেলে জাকিরের সঙ্গে স্থানীয় বাড়ি চিনিস গ্রামের মাদক ব্যবসায়ী বাসেদ মিয়ার মাদকের পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে ওই দিন রাতেই বাসেদ ও তার সহযোগী মাদক ব্যবসায়ী সেলিম দা ও ছুরি নিয়ে দেলোয়ারের বাড়িতে যায়। এ সময় জাকির বাড়িতে না থাকায় তার বাবা দেলোয়ারকে তারা কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে দেলোয়ারের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।