সোনারগাঁয়ে ব্যবসায়ীকে পিটিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল শুক্রবার আবদুল বাতেন নামের একজন ব্যবসায়ীকে পিটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দুর্গাপ্রসাদ গ্রামের বালু ব্যবসায়ী বাতেনের সঙ্গে একই এলাকার মো. মোস্তফার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল বেলা দুইটার দিকে বাতেনের ওপর মোস্তফার নেতৃত্বে নুর নবী, ইয়ানবী, নাছির, নোয়াব ও আমিরুল হামলা চালান। এ সময় তাঁরা বাতেনকে লাঠি দিয়ে পেটান এবং কিল, ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ব্যবসায়ী বাতেন বলেন, ‘গ্রামের মসজিদের হিসাব পঞ্চায়েত কমিটির মাধ্যমে চাওয়া হলে আমার সঙ্গে তাঁদের তর্ক হয়। এ নিয়ে তাঁরা আমার ওপর হামলা চালান।’ সোনারগাঁ থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, এ ঘটনায় বাতেন একটি লিখিত অভিযোগ দিয়েছেন।