সোনারগাঁয়ে ব্যবসায়ীকে হত্যা, এক ব্যক্তি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গোলজার হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। গত শনিবার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিষনাদী গ্রামের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, গত ৭ সেপ্টেম্বর ওই গ্রামের পোলট্রি ব্যবসায়ী গোলজার হোসেনকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের সন্ত্রাসী এমদাদুল, বাচ্চু, সাইফুল, কাশেম, আমানুল্লাহ ও আলম। পরে সন্ত্রাসীরা নজরুলকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি গ্রামের একটি ডোবার কচুরিপানার ভেতর লুকিয়ে রাখে। গত শনিবার পচে দুর্গন্ধ বের হওয়ার পর এলাকাবাসী লাশটির সন্ধান পায়। পরে ওই ব্যবসায়ীর পরিবার লাশটি শনাক্ত করে পুলিশকে খবর দেয়। ওই রাতেই পুলিশ আসামি এমদাদুলকে গ্রেপ্তার করে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, আসামি এমদাদুল গতকাল আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।