সোনারগাঁয়ে ব্রাহমা জাতের গরুর কদর বেশি

কোরবানির জন্য মানুষের নজর এখন ব্রাহমা জাতের ষাঁড়ের দিকে। এই জাতের গরু কিনতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন খামারে ক্রেতারা যাচ্ছেন।
গতকাল শুক্রবার উপজেলার এলাহীনগর ও মঙ্গলেরগাঁও গ্রামে গিয়ে দেখা যায়, ব্রাহমা জাতের গরু কিনতে মানুষ ভিড় করছেন। এলাহীনগর গ্রামের খামারি কামাল হোসেন বলেন, ‘এই বছর আমার খামার থেকে ১২টি ষাঁড় বিক্রি করা হবে। ২৩ মাস বয়সী একেকটি ষাঁড়ের দাম ৩ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত উঠছে। প্রতিবছরই আমি এ জাতের ষাঁড় বিক্রি করে থাকি। এ জাতের গরু হাটে নিতে হয় না। মানুষ খামার থেকেই কিনে নিয়ে যায়। বড় ও দেখতে সুন্দর হওয়ায় প্রতিদিনই মানুষ আমার খামারে ভিড় জমাচ্ছে।’
জানা যায়, প্রাণিসম্পদ অধিদপ্তর ২০০৮ সালে ‘বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট’ শীর্ষক পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে ব্রাহমা জাতের ষাঁড়ের সিমেন আমদানি করে শংকর জাতের মাংসল বাছুর উৎপাদন শুরু করে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১৩০ জন কৃষককে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দপ্তরে প্রশিক্ষণ দিয়ে এই জাতের গরু পালনে আগ্রহী করে তোলা হয়। সোনারগাঁ উপজেলার এলাহীনগর, চরকিশোরগঞ্জ, দুধঘাটা, মঙ্গলেরগাঁও, প্রতাপেরচর, গঙ্গানগর, কোরবানপুর ও চরগোয়ালদী গ্রামের ১৩ জন কৃষক এই গরু পালন করছেন।
কান্দারগাঁও গ্রামের বাসিন্দা নোয়াব আলী বলেন, ‘কয়েক বছর ধরে আমরা এ জাতের গরু কিনে কোরবানি দিচ্ছি।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জন্মের সময় ব্রাহমা জাতের ষাঁড়ের ওজন হয় ২৮ থেকে ৩৫ কেজি। ২৩ মাস বয়সে একটি ষাঁড়ের ওজন হয় ৮০০ থেকে ১০০০ কেজি পর্যন্ত। এ জাতের গরু থেকে অল্প সময়ে বেশি মাংস পাওয়া যায়। এ কারণে সারা দেশেই এ জাতের গরু পালনে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকেরা। অনেক নারীও এই গরু পালন করে স্বাবলম্বী হয়েছেন।