সোনারগাঁয়ে ভণ্ড পীরের আস্তানা ভাঙচুর আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল শুক্রবার এক ভণ্ড পীরের সমর্থকদের সঙ্গে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষক ও ছাত্ররা ওই ভণ্ড পীরের আস্তানা ভাঙচুর করেন। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, এক মাস আগে উপজেলার সনমান্দি ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের ফজলুল হকের ভিটেবাড়িতে ভণ্ড পীর সোয়াইন আহম্মেদ আস্তানা গাড়েন। সোয়াইন সেখানে সাধারণ মানুষকে ঝাড়-ফুঁক দেওয়া শুরু করেন। খবর পেয়ে গতকাল সকালে সোনাকান্দি মাদ্রাসার শিক্ষক আবদুর রহমান, দৌলতপুর মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম খলিলুল্লাহ, ইসহাক মিয়াসহ ৩০-৩৫ জন মাদ্রাসার ছাত্র পীরের আস্তানায় যান। এ সময় তাঁদের সঙ্গে ফজলুল হকের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে পীরের সমর্থক ফজলুল হক, কবির হোসেন, সুজন মিয়া, পারভেজ আহমেদ, শিক্ষক ইব্রাহিম, ইসহাক, আবদুুর রহমানসহ কমপক্ষে ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বিক্ষুব্ধ শিক্ষক ও ছাত্ররা ওই ভণ্ড পীরের আস্তানা ভাঙচুর করে তাঁকে সেখান থেকে উচ্ছেদ করেছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে অবস্থা বেগতিক দেখে সোয়াইন তাঁর আস্তানা ছেড়ে পালিয়ে গেছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিল্লাহ হোসেন গতকাল রাতে প্রথম আলোকে জানান, সোয়াইন আহম্মেদ একজন ভণ্ড পীর। তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। এ কারণে মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা মিলে তাঁকে উচ্ছেদ করেছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহউদ্দিন জানান, মাদ্রাসার শিক্ষক ও মুসল্লিদের বাধার মুখে ভণ্ড পীর আস্তানা ছেড়ে চলে গেছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি।