সোনারগাঁয়ে ভূমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার পানাম নগরের পাশের বাগ মহিষা মৌজায় বসতভিটাসহ ভূমি অধিগ্রহণ করার সিদ্ধান্তের খবরে এলাকাবাসী চার দিন ধরে মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করছেন। তাঁরা গত সোমবার মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠিয়েছেন। এলাকাবাসী জানান, সোনারগাঁ পৌরসভার পানাম নগরের পাশে বাগ মহিষা মৌজায় স্থানীয় খাগুটিয়া, বাগমুছা, কৃষ্ণনগরসহ আশপাশের বিভিন্ন গ্রামে প্রায় পাঁচ শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে। এ এলাকায় বর্তমানে একটি উচ্চবিদ্যালয়, দুটি মসজিদ ও কয়েকটি কবরস্থান রয়েছে। সমপ্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তর পানাম নগর সমপ্রসারণের জন্য ওই এলাকার মানুষের বসতভিটাসহ ভূমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।প্রাথমিক পর্যায়ে কর্মকর্তারা সমপ্রতি জরিপ করে প্রতিবেদন জেলা প্রশাসক বরাবর পাঠান—এ খবরে এলাকার লোকজন বিক্ষোভ শুরু করেছেন। গত সোমবার প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান আহমেঞ্চদ মোল্লা, স্থানীয় যুবসংঘের সভাপতি মোতালেব মিয়া, বাবুল মোশারফ, আনোয়ার হোসেন, সেলিম রেজা প্রমুখ। এলাকার লোকজন গতকাল মঙ্গলবার মানববন্ধন করেন। এতে অংশ নেন সোনারগাঁ নাগরিক কমিটির নেতা ও সদস্যরা। এ সময় সমাবেশে বক্তারা বলেন, বসতভিটা অধিগ্রহণ করার সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। প্রতিবাদ সভা ও মিছিল শেষে এলাকাবাসী জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠিয়েছেন। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন বলেন, ‘ভূমি অধিগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আমাদের কাছে শুধু ভূমির জরিপ চাওয়া হয়েছে।’ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘ভূমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা অফিসের কর্মকর্তারা। আমি বিষয়টি পুরোপুরি জানি না।’ সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, ‘প্রত্নতত্ত্ব অধিদপ্তর যেসব এলাকার মানুষের বসতভিটা ও ব্যক্তিমালিকানার সম্পত্তি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে, তা অন্যায়। পানাম নগরের কোনো পুরাকীর্তি ওই এলাকায় নেই। আমি এলাকাবাসীর সঙ্গে মিলিত হয়ে এ অধিগ্রহণের বিপক্ষে অবস্থান নিয়েছি।’