নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ভূমি কার্যালয়ে ১০ দিনের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোরে কার্যালয়ের প্রধান সহকারীর কক্ষে আগুন লেগে কক্ষের আসবাবসহ শতাধিক নথি পুড়ে গেছে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আল-আমিন ও স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।এর আগে গত ২৬ জুন সকালে ওই কার্যালয়ের নাজির-কাম কোষাধ্যক্ষের কক্ষের জানালা ভেঙে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই দিনের আগুনে বিভিন্ন নামজারি খতিয়ানের বই পুড়ে যায়। ভূমি কার্যালয়ের কর্মকর্তারা জানান, ঠিক একই কায়দায় গতকাল সকালে প্রধান সহকারী আবদুল মোতালিবের কক্ষের পেছনের জানালার কাচ ভেঙে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ওই কক্ষের আসবাবসহ শতাধিক নথি পুড়ে গেছে। ১০ দিনের ব্যবধানে একই কার্যালয়ে দ্বিতীয়বার অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাসানুল মতিন গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। সহকারী কমিশনার কে এম আল-আমিন বলেন, ‘আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এর আগেও ঠিক একই কায়দায় দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়েছিল। কারা কেন আগুন লাগাচ্ছে, এখনো জানা যায়নি।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।