সোনারগাঁয়ে ভূমিহীনদের উচ্ছেদ আতঙ্ক, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকার গুচ্ছগ্রামের পাঁচ হাজার ভূমিহীনকে একটি জাহাজ নির্মাণকারীপ্রতিষ্ঠান উচ্ছেদ করার পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ খবরে গতকাল শুক্রবার ভূমিহীন ব্যক্তিরা একত্রিত হয়ে বিক্ষোভ করেছে।তবে জাহাজ নির্মাণকারীপ্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপক দুলাল মিয়া বলেন, ‘আমরা এখন পর্যন্ত কাউকে উচ্ছেদের হুমকি দিইনি। আমরা মন্ত্রণালয়ে আবেদন করেছি। মন্ত্রণালয়ই আমাদের ভূমি বুঝিয়ে দেবে।’জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট এলাকার গুচ্ছগ্রামে ২০ বছর ধরে ১০ বিঘা জমির ওপর মেঘনা নদীতে বিলীন হয়ে যাওয়া খাসেরচর গ্রামের ভূমিহীন মানুষ বসবাস করে আসছে। বিগত বিএনপি ও এরশাদ সরকারের আমলে এসব ভূমিহীন মানুষকে স্থায়ীভাবে বসবাস করার জন্য সরকার অনুমতিপত্র দিয়ে সরকারি খরচে নিচু জমি ভরাট করে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ করে দেয়। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে গুচ্ছগ্রামের পার্শ্ববর্তী দুটি শিল্পকারখানার মালিক ভূমিহীনদের উচ্ছেদ করে শিল্পপ্রতিষ্ঠান করার জন্য ভূমি মন্ত্রণালয় ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করে। প্রথমে সরকার ভূমিহীনদের উচ্ছেদের বিপক্ষে অবস্থান নিলেও এক সপ্তাহ ধরে জেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে ভূমির পরিমাপ ও সরকারি জায়গা চিহ্নিত করার কাজ শুরু করার পর ভূমিহীন ব্যক্তিরা গত কয়েক দিন ধরে বিক্ষোভ শুরু করেন। এর মধ্যে গত দুই দিন ধরে জাহাজমালিক নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ নিয়ে কয়েকজন ব্যক্তি ভূমিহীনদের বাড়িতে গিয়ে অবিলম্বে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার জন্য তাদের নির্দেশ দেয়। গতকাল শুক্রবার ভূমিহীনদের উচ্ছেদের প্রতিবাদে ভূমিহীন ব্যক্তিরা একত্রিত হয়ে বিক্ষোভ করে জান দেব তবুও জমি দেব না, ভূমিদস্যু দালালেরা সাবধানসহ বিভিন্ন স্লোগান দেয়। এ ব্যাপারে গুচ্ছগ্রামের বাসিন্দা রিজিয়া বেগম (৪০), নাজির হোসেন (৪২), সুবেদ আলী (৫৫) অভিন্ন সুরে জানান, ‘২০ বছর ধরে প্রায় পাঁচ হাজার মানুষ এখানে বসবাস করে আসছে। কিন্তু গত কয়েক দিন আমাদের উচ্ছেদের জন্য পাঁয়তারা করা হচ্ছে। আমাদের উচ্ছেদ করা হলে আমরা কোথায় গিয়ে ঠাঁই নেব।’স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার জানান, ভূমিহীনদের উচ্ছেদ করার পাঁয়তারা করা হচ্ছে বলে আমি খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।