সোনারগাঁয়ে ভূমিহীনদের উচ্ছেদ করে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণের পাঁয়তারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট এলাকার একটি গ্রাম থেকে পাঁচ হাজার ভূমিহীন ব্যক্তিকে উচ্ছেদ করে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদে ভূমিহীন ব্যক্তিরা গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, মেঘনা নদীতে ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়া প্রায় পাঁচ হাজার ভূমিহীন মানুষ সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঘাট এলাকার গুচ্ছগ্রামের (আদর্শ গ্রাম) ১০ বিঘা খাস জমির ওপর ২০ বছর ধরে বসবাস করেছেন। বিগত জাতীয় পার্টি ও বিএনপির সরকারের আমলে ওই স্থানের নিচু জমি ভরাট করে তাঁদের স্থায়ীভাবে বসবাস করার অনুমতি দেওয়া হয়। কিন্তু কয়েক বছর ধরে ওই এলাকার দুটি শিল্পপ্রতিষ্ঠান ওই ভূমিহীন ব্যক্তিদের উচ্ছেদ করে সেই জায়গা অধিগ্রহণ করে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের জন্য ভূমি মন্ত্রণালয়ে তদবির করে আসছে।সর্বশেষ কয়েক মাস আগে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড সেখানে শিল্পপ্রতিষ্ঠান করতে জমি অধিগ্রহণ করতে সরকারের কাছে আবেদন করে। এ খবর ছড়িয়ে পড়লে গতকাল মঙ্গলবার শত শত ভূমিহীন নারী-পুরুষ মেঘনা সেতুর টোল প্লাজার সামনে বিভিন্ন ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। উচ্ছেদ প্রচেষ্টার প্রতিবাদে তাঁরা মহাসড়কের ওপরই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। অবরোধের ফলে এ সময় মহাসড়কের দুই পাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে ভূমিহীন ব্যক্তিদের উচ্ছেদ করা হবে না বলে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বিক্ষোভে অংশ নেওয়া মোখলেস (৪০), ধনু প্রধান (৫০), আহাদ আলী (৫৫), নাজির হোসেন (৪২) জানান, তাঁদের বসতবাড়ি মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর ২০ বছর ধরে সরকার তাঁদের সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আনন্দ শিপইয়ার্ড তাঁদের উচ্ছেদ করে শিল্পকারখানা নির্মাণ করার পাঁয়তারা করছে। সেখান থেকে উচ্ছেদ করা হলে তাঁদের মাথা গোঁজার আর কোনো ঠাঁই থাকবে না।তবে আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপক দুলাল মিয়া বলেন, বিষয়টি নিয়ে আজ বুধবার প্রশাসন ও গ্রামবাসীর মধ্যে বৈঠক হবে। তাঁদের উচ্ছেদের কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। গুজবের ভিত্তিতে এসব আন্দোলন হচ্ছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন প্রথম আলোকে বলেন, ভূমিহীন ব্যক্তিদের যাতে উচ্ছেদ করা না হয়, সে জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। সরকার ভূমিহীন ব্যক্তিদের স্বার্থকে অগ্রাধিকার দেবে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় সে জন্য পুলিশ সতর্ক রয়েছে। গ্রামবাসী ও শিল্পকারখানার মালিকদের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে।