সোনারগাঁয়ে ভূমিহীনদের বিক্ষোভ-মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আদর্শ গ্রামের কয়েক শ ভূমিহীন নারী-পুরুষ গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। স্থানীয় একটি শিল্পপ্রতিষ্ঠানের লোকজন ভূমিহীনদের জোর করে উচ্ছেদের পাঁয়তারা করছে অভিযোগে তাঁরা এই কর্মসূচি পালন করেন।এ ঘটনায় ভূমিহীনেরা ওই শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।স্থানীয় ভূমিহীনেরা জানান, আদর্শ গ্রামে ২০ বছর ধরে ১০ বিঘা খাসজমির ওপর কয়েক শ ভূমিহীন পরিবার বসবাস করছে। জাতীয় পার্টি ও বিএনপি সরকার ভূমিহীন পরিবারগুলোকে পুনর্বাসন করে বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেয়।আদর্শ গ্রাম ভূমিহীন সমবায় সমিতির সভাপতি নাজির হোসেন অভিযোগ করে বলেন, কয়েক মাস ধরে ভূমিহীনদের উচ্ছেদ করে আনন্দ শিপইয়ার্ড নামের একটি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান শিল্পকারখানা নির্মাণের পাঁয়তারা করছে। এই শিল্পপ্রতিষ্ঠান সরকারি খাসজমি অধিগ্রহণ করতে শিল্প মন্ত্রণালয় থেকে একটি প্রশাসনিক আদেশ নিয়েছে। পরে তাঁরা গত ২৭ ডিসেম্বর শিল্পমন্ত্রীর কাছে একটি লিখিত আবেদন করেন, যাতে অবিলম্বে প্রশাসনিক আদেশ বাতিল এবং ভূমিহীনদের উচ্ছেদ না করার অনুরোধ জানানো হয়।এদিকে আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে গত শনিবার ভূমিহীনেরা সোনারগাঁ থানায় একটি জিডি করেছেন। আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থপক দুলাল মিয়া জানান, ‘আমাদের প্রতিষ্ঠান ভূমিহীনদের উচ্ছেদের কোনো পদক্ষেপ নেয়নি।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, ভূমিহীনদের অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টির তদন্ত শুরু হয়েছে।