সোনারগাঁয়ে ভেঙে পড়ল নির্মাণাধীন সেতুর গার্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলার সীমান্তবর্তী প্রভাকরদী এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন সেতুটির একটি গার্ডার আবারও ভেঙে পড়েছে। এই নিয়ে দুই দফায় নির্মাণাধীন সেতুটির দুটি গার্ডার ভেঙে পড়ল। নির্মাণ কাজের ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মদনপুর-নরসিংদী সড়কের প্রভাকরদী এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত সেতুর একটি গার্ডার আকস্মিকভাবে ভেঙে নদে পড়ে যায়। এর আগে গত বছর এই সেতুর একটি গার্ডার খুলে নদে পড়ে গিয়েছিল।অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কে এস কনস্ট্রাকশন সেতুটির নির্মাণকাজ ২০১১ সালে সম্পন্ন করবে বলে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সঙ্গে চুক্তি করলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। এতে আড়াইহাজার উপজেলার মানুষ যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছে।এলাকাবাসী আকরাম হোসেন জানান, সেতুটির নির্মাণকাজে অনিয়ম হওয়ায় কাজ শেষ হওয়ার আগেই গত বছর একটি এবং এ বছর আরেকটি গার্ডার ভেঙে নদে পড়ল।এ ব্যাপারে সেতুটির নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান কে এস ট্রেডিংয়ের মালিক জিল্লুর রহমান জানান, সেতুটি নির্মাণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর সাড়ে তিন কোটি টাকার কার্যাদেশ দেয় তাঁর প্রতিষ্ঠানকে। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১১ সালের আগস্টে। সেই অনুযায়ী সেতুটির প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছিল। সওজের কাছে পাওনা দেড় কোটি টাকা পরিশোধ না করায় সেতুটির বাকি কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তিনি জানান, সেতুর জন্য পাঁচটি গার্ডারই লাগানো হয়েছিল। গার্ডারগুলো মোটা রড দিয়ে ঝালাই করে টানা দিয়ে রাখা ছিল। রাতে কে বা কারা গার্ডারের রডগুলো খুলে ফেললে এই দুর্ঘটনা ঘটে। এর আগেও একটি গার্ডার খুলে পড়ে গিয়েছিল বলে তিনি স্বীকার করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ‘সেতুর কাজটি গত অর্থবছরে সম্পন্ন হওয়ার কথা থাকলেও অর্থ বরাদ্দ অপ্রতুল থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ সম্পন্ন করতে পারেনি। আশা করছি, দ্রুত সেতুটির কাজ সম্পন্ন করা সম্ভব হবে।’