সোনারগাঁয়ে মজুরির দাবিতে শ্রমিক-মালিক পক্ষে সংঘর্ষ, আহত ১০
ন্যায্য মজুরির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে রহিম স্টিল মিলস কারখানার শ্রমিকদের সঙ্গে গত মঙ্গলবার রাতে মালিকপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় শ্রমিকেরা কারখানার ভেতরের অফিস কক্ষ ভাঙচুর করে। সংঘর্ষে কারখানার ব্যবস্থাপকসহ ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।রহিম স্টিল মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মমিন খান জানান, দীর্ঘদিন ধরে কারখানার মালিক ছুটির দিনে শ্রমিকদের দিয়ে অতিরিক্ত কাজ করান। কিন্তু ওভারটাইম হিসেবে কোনো মজুরি পরিশোধ করা হয় না। বিভিন্ন সময় শ্রমিকেরা তাঁদের ন্যায্য মজুরি দাবি করলে কর্তৃপক্ষ তাঁদের মজুরি পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি। গতকাল বুধবার সরকারি ছুটির দিনে কারখানা খোলা রেখে শ্রমিকদের অতিরিক্ত কাজ করার জন্য চাপ দেয় কর্তৃপক্ষ। এ নিয়ে কারখানার ব্যবস্থাপক শাহজাহান মিয়ার সঙ্গে শ্রমিকনেতা দেলোয়ারের প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে কারখানার ব্যবস্থাপক শাহজাহান মিয়া, ফোরম্যান মোতাহার মিয়া, শ্রমিক দেলোয়ার, মমতাজসহ দুই পক্ষের ১০ জন আহত হন।