সোনারগাঁয়ে মন্দিরে হামলা প্রতিমা ও বাড়িঘর ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আশ্রাবদী গ্রামের একটি মন্দিরে গতকাল শুক্রবার রাতে ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে বখাটেরা। এ ছাড়া তারা মন্দিরের পাশে হিন্দুদের চারটি বাড়িও ভাঙচুর করে। তাদের হামলায় আহত হয়েছে ছয় গ্রামবাসী।আশ্রাবদী গ্রামের পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সূর্য কুমার দাস জানান, মন্দির প্রাঙ্গণে মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে গত বুধবার ওই গ্রামের কিশোর কুমারের সঙ্গে পাশের বৈরবদী গ্রামের সুজন মিয়া ও রাকিবুলের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গতকাল রাত আটটার দিকে রাকিবুল, সুজন ও তাদের সহযোগী মোহন, ছাব্বির, সাইফুল, পিয়াল, রিপনসহ ২৫-৩০ জনের একদল বখাটে লাঠিসোটা নিয়ে প্রথমে আশ্রাবদী গ্রামে শ্রীশ্রী মহারক্ষা কালীমন্দিরে হামলা চালায়। এ সময় তারা ছয়টি প্রতিমা ভাঙচুর করে। মন্দিরে ২ ফেব্রুয়ারি থেকে পাঁচ দিনব্যাপী রক্ষাকালীপূজা হচ্ছিল।মন্দিরে ভাঙচুরের পর বখাটেরা পাশের নরেশ চন্দ্র, নিতাই পান গোপাল, সেন্টু চন্দ্রসহ চারটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তাদের বাধা দিতে এসে আহত হয় অজয় চন্দ্র, মহিমতি, লতা রানী ও প্রদীপ চন্দ্রসহ ছয় গ্রামবাসী।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভাঙচুরকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।