সোনারগাঁয়ে মহাসড়ক থেকে সরল আবর্জনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর থেকে ময়লা-আবর্জনার স্তূপ গতকাল মঙ্গলবার সরানো হয়েছে। এতে পথচারী ও যানবাহনগুলো আগের মতো নির্বিঘ্নে চলাচল করতে পারছে।
গতকাল সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসানের নেতৃত্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মী ও পুলিশ সদস্যরা পেলোডার দিয়ে মহাসড়ক থেকে ময়লা-আবর্জনা সরিয়ে পাশের খাদে ফেলে দেন।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, মহাসড়ক থেকে ময়লা-আবর্জনা সরানোয় এলাকাবাসীকে এখন আর পথ চলতে দুর্গন্ধের শিকার হতে হবে না। মহাসড়কেও যানজট থাকবে না। সেই সঙ্গে আর কেউ যেন সেখানে আবর্জনা না ফেলে, সেদিকেও লক্ষ রাখতে হবে।
৩ জানুয়ারি প্রথম আলোতে ‘মহাসড়কের ওপর আবর্জনার স্তূপ’ শিরোনামে ছবিসহ একটি সংবাদ প্রকাশিত হয়।