সোনারগাঁয়ে মাইক্রোবাসে ছিনতাই, দুই লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল মঙ্গলবার দুপুরে একটি মাইক্রোবাসে ছিনতাই করা হয়েছে। ছিনতাইকারীরা ওই মাইক্রোবাসের আরোহীদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ দুই লাখেরও বেশি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার রূপগঞ্জ উপজেলার মাঝিনা গ্রামের আবদুর রহমান সোনারগাঁয়ে তাঁর শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। গতকাল দুপুরে তিনি নিজ বাড়ি ফেরার উদ্দেশে সোনারগাঁয়ের টিপুদরী এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া নেন। সোনাখালী এলাকায় মাইক্রোবাসটি থামিয়ে এর চালক পাঁচ-ছয়জন ছিনতাইকারীকে ওই মাইক্রোবাসে তোলেন। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে যাত্রীদের স্বর্ণালংকার, মুঠোফোনসেট ও নগদ পাঁচ হাজার টাকা লুট করে নিয়ে যায়। প্রায় এক কিলোমিটার দূরে আরোহীদের নামিয়ে দিয়ে ছিনতাইকারীরা ওই মাইক্রোবাসে চড়েই পালিয়ে যায়।ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে আ. রহমান, স্ত্রী শিউলী ও ভাগিনি আসিয়া আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেয়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।