সোনারগাঁয়ে মাছভর্তি ট্রাক ছিনতাইয়ের সময় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় গত মঙ্গলবার রাত নয়টার দিকে মাছভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলো সবুজ, নূরে আলম, আতিকুর রহমান ও কাজল। তাদের বাড়ি শিবপুর উপজেলার বিভিন্ন গ্রামে। পুলিশের ভাষ্যমতে, তারা সঙ্ঘবদ্ধ একটি ডাকাতদলের সদস্য।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর ওই চারজন ঢাকায় যাওয়ার কথা বলে নরসিংদীর শিবপুর উপজেলার শিবপুর মাইক্রোবাস স্ট্যান্ড থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে। নয়টার দিকে মাইক্রোবাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় পৌঁছায়। সেখানে ডাকাতদলের আরও অন্তত ছয়জন আগে থেকে ওত পেতে ছিল। পরে তারা গাজীপুরগামী মাছভর্তি একটি ট্রাক থামায়। ট্রাকের চালককে চাপাতি, ছুরি ও ক্ষুর দিয়ে আঘাত করে ট্রাকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মাইক্রোবাসের চালক কৌশলে সোনারগাঁ থানায় ফোন করে বিষয়টি জানিয়ে সহায়তা চান।এর কিছুক্ষণের মধ্যেই একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে। কিন্তু অন্য ছয়জন পালিয়ে যেতে সক্ষম হয়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া চারজনই স্বীকার করেছে যে তারা ডাকাতদলের সদস্য। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে।