সোনারগাঁয়ে মাটি কাটার প্রতিবাদে বিক্ষোভ
হাইকোর্টের নির্দেশ অমান্য করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে ফসলি জমির মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে। মাটি কাটার প্রতিবাদে কৃষকেরা গতকাল শুক্রবার নদের তীরে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভের মুখে মাটি কাটা বন্ধ করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।শম্ভুপুরা গ্রামের কৃষকেরা জানান, শম্ভুপুরা ইউনিয়নের শম্ভুপুরা ও নয়াচর গোবিন্দপুর মৌজায় ব্রহ্মপুত্র নদের তীরে ইরি, বোরো ধানসহ বিভিন্ন ধরনের ফসলের আবাদ করেন তাঁরা। কিন্তু আওয়ামী লীগের নাম ব্যবহার করে স্থানীয় সন্ত্রাসীরা এক বছর ধরে তাঁদের ফসলি জমির মাটি কেটে নিয়ে বিক্রি করছে। এ ব্যাপারে কৃষকদের পক্ষে শম্ভুপুরা গ্রামের শামছুল হক শিকদার গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে আবেদন করেন। আদালত মাটি কাটায় নিষেধাজ্ঞা দেন। কৃষক শামসুল হক শিকদার, আবদুল গনি ও মোতালেব মিয়া বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও সন্ত্রাসীরা তাঁদের জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। বিষয়টি স্মারকলিপির মাধ্যমে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ইতিমধ্যে সন্ত্রাসীরা কৃষকদের ৩০ বিঘা ফসলি জমির মাটি কেটে নিয়ে গেছে। বাধা দিলে তারা ১১ কৃষককে পিটিয়ে আহত করেছে।মাটি কাটার ব্যাপারে সোনারগাঁর ইউএনও সাবিনা ইয়াসমিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘কৃষকদের জমির মাটি যারা অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মাটি কাটার ঘটনার খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।