সোনারগাঁয়ে মাটি কেটে নিচ্ছে সন্ত্রাসীরা, কৃষকদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কৃষকদের ফসলি জমির মাটি সন্ত্রাসীরা জোর করে কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষকেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন। এলাকাবাসী জানান, উপজেলা একরামপুরা ও মুগারচর গ্রামে ব্রহ্মপুত্র নদের পাশে কৃষকদের ইরি-বোরো ধানের ফসলি জমির মাটি দুই মাস ধরে কেটে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা।কৃষক আবদুল খালেক, আওলাদ হোসেন ও মজিবর রহমান জানান, লাঙ্গলবন্দ তীর্থস্থানের নদী খননের কাজ করার নামে বন্দর উপজেলার মিনারবাড়ী গ্রামের আল-আমিন, আলী নূর ও নূর মোহামঞ্চদের নেতৃত্বে একদল সন্ত্রাসী ফসলি জমির মাটি কেটে নিয়ে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। এলাকাবাসী ইতিমধ্যে বিষয়টি থানার পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকে (ভূমি) লিখিতভাবে জানিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় এ কাজ করছেন বলে সরকারি কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে গতকাল ওই দুই গ্রামের কৃষকেরা বিক্ষোভ করেছেন। এলাকাবাসীদের অভিযোগের পর স্থানীয় হোসেনপুর ইউনিয়নের ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘আমি এলাকাবাসীর অভিযোগের সত্যতা পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে।’স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। এর পরও তারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘বিষয়টি ইতিমধ্যে কৃষকেরা তাঁদের জানিয়েছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’