নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সর্বত্রই মাদকের ছড়াছড়ি। এ সমস্যাটি উপজেলার সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে মাদক প্রতিরোধে গ্রামে গ্রামে কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তাঁরা এ ঘোষণা দেন। সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী, সনমান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, বৈদ্যেরবাজার ইউপির চেয়ারম্যান মাহবুব সরকার, নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান দেওয়ান উদ্দিন, বারদী ইউপির চেয়ারম্যান জহিরুল হক, মোগড়াপাড়া ইউপির চেয়ারম্যান আরিফ মাসুদ, পিরোজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হালিম প্রমুখ। কমিটির ৩০ জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ জন।সোনারগাঁ থানার ওসি ইউনুস আলী বলেন, উপজেলায় গত এক মাসে ২৬ জন ডাকাত ও ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০০ কেজি গাঁজা। উপজেলাকে মাদকমুক্ত করার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন স্থানে সরকারি খালসহ বিভিন্ন জলাশয় এলাকার প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে দখল করেছে।মোগড়াপাড়া ইউপির চেয়ারম্যান আরিফ মাসুদ বলেন, কোরবানির গরুর হাট উপলক্ষে এলাকায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে।তবে প্রায় সব বক্তাই মাদক সমস্যার ওপর বেশি গুরুত্ব দেন। তাঁরা বলেন, উপজেলায় ব্যাপকভাবে মাদকের বিস্তার ঘটেছে। অনেক লোক প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় মাদক বিক্রি করছেন। এ কারণে উপজেলা এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। ইউএনও সাগরিকা নাসরিন মাদককে উপজেলার সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে তিনি প্রতিটি গ্রামে মাদক প্রতিরোধ কমিটি গঠনের কথা বলেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা ওই কমিটি গঠনের ঘোষণা দেন।