সোনারগাঁয়ে মাদকবিরোধী বিক্ষোভ ও স্মারকলিপি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকদ্রব্য সেবন ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার দিনভর বিক্ষোভ করেছেন এলাকাবাসী। একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।স্থানীয় সূত্র জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে মাদক। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গতকাল সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এলাকাবাসী বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিলকারীরা থানায় গেলে উপপরিদর্শক (এসআই) রেজাউল হক তাঁদের আশ্বস্ত করেন। এরপর ইউএনওর কাছে একটি স্মারকলিপি প্রদান শেষে স্থানীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বেলায়েত হোসেন, আবদুল্লাহ আল মামুন, শেখ সাদি, জামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, ইব্রাহিম হাবিবুর রহমান প্রমুখ।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগরিকা নাসরিন বলেন, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।