সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ কলেজের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সর্বস্তরের মানুষ গতকাল শনিবার মাদকের বিরুদ্ধে শপথ নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন।
কলেজের মাঠে মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফ মাসুদ। বক্তব্য দেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ প্রমুখ।
মোশারফ হোসেন বলেন, সোনারগাঁয়ে মাদক বিক্রি ও সেবন অন্য যেকোনো সময়ের তুলনায় বেড়ে গেছে। শিক্ষার্থী ও এলাকাবাসীকে এখন থেকেই মাদককে ‘না’ বলতে শপথ নিতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এলাকা মাদকমুক্ত না হলে সমাজ ধ্বংস হয়ে যাবে।
এদিকে মানববন্ধন চলাকালে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে স্থানীয় দমদমা গ্রামের বাসিন্দা রাজিবকে (২৯) ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, রাজিবের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।