সোনারগাঁয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের জঙ্গিবিরোধী শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে জঙ্গিবিরোধী প্রচারণায় নেমেছে পুলিশ। এর অংশ হিসেবে গতকাল সোমবার তাহেরপুর মাদ্রাসার শিক্ষার্থীদের জঙ্গি ও মাদকের বিরুদ্ধে শপথ পাঠ করানো হয়েছে।
উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় দুপুরে গিয়ে দেখা যায়, মাঠে জঙ্গি ও মাদকবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড, পোস্টার ও ব্যানার নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী দাঁড়িয়ে আছেন। এ সময় সোনারগাঁ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের জঙ্গি ও মাদকবিরোধী শপথ করান।
মাদ্রাসার শিক্ষার্থী আবু তালেব, লোকমান মিয়া ও আবদুস সাত্তার বলে, তারা জঙ্গিবাদ ও মাদককে প্রশ্রয় দেবে না। জঙ্গিরা দেশের শত্রু, ইসলামের শত্রু। জঙ্গিবাদ মানে সন্ত্রাস। সন্ত্রাস ও মানুষ হত্যাকে ইসলাম সমর্থন করে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, মাদ্রাসার অধ্যক্ষ নিজাম উদ্দিন, শিক্ষক নুরুল হক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সামসুল হক, আসাদুজ্জামান প্রমুখ।
নিজাম উদ্দিন বলেন, ‘আমরা জঙ্গিবাদ ও মাদককে ঘৃণা করি। কোমলমতি শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদ ও মাদক সেবনে আসক্ত না হয়, সে জন্য শিক্ষার্থীদের এ শপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা যাতে এ বিষয়গুলো তাদের অভিভাবক ও গ্রামবাসীদের জানায়, সে জন্য তাদের লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে।’
সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, পুলিশের উদ্যোগে জঙ্গি ও মাদকবিরোধী যে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, তাতে শিক্ষার্থীরা সচেতন হবে। পুলিশের এ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।
এএসআই আবুল কালাম আজাদ বলেন, ‘বর্তমানে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি তৎপরতা বেড়ে গেছে। তাই আমরা উপজেলার সব মাদ্রাসা, স্কুল ও মসজিদে জঙ্গি ও মাদকবিরোধী অনুষ্ঠান করে শিক্ষার্থী ও এলাকাবাসীকে সচেতন করার উদ্যোগ নিয়েছি।’