সোনারগাঁয়ে মামলার অভিযোগ পাল্টে দেওয়ার অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গত শনিবার ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপের শ্রমিক বিক্ষোভের সময় সংঘর্ষে ঝুট ব্যবসায়ী জিয়াউল হকের (২৪) নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। গতকাল রোববার দুপুরে নিহত ব্যক্তির বাবা সামসুদ্দিন সোনারগাঁ থানায় এ মামলা করেন। তবে মামলার বাদী অভিযোগ করেছেন, তিনি থানায় যে অভিযোগ দিয়েছিলেন, পুলিশ তা নথিভুক্ত না করে তাঁর সঙ্গে প্রতারণা করে অন্য মামলা নথিভুক্ত করেছেন। ওই মামলায় কোনো আসামির নাম নেই।সোনারগাঁ থানা থেকে পাওয়া এজাহারে বলা হয়েছে, ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপের শ্রমিকেরা গত শনিবার সকালে বেতন-ভাতা ও বোনাস বাড়ানোর দাবিতে তাঁদের কর্মস্থল এলাকায় ও ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় জিয়াউল হক ওরফে জিয়া বিক্ষোভকারী শ্রমিকদের সামাল দিতে যান। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অজ্ঞাতনামা এক-দেড় শ শ্রমিক ও বহিরাগত অজ্ঞাতনামা ৩০-৪০ জন মিলে জিয়াউলকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।মামলার পর সামসুদ্দিন অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ ওমর ও তাঁর ভাই বাবুর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আমি থানায় অভিযোগ দিয়েছিলাম। পুলিশ তা রেকর্ড করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পুলিশ অন্য একটি কাগজে আমার স্বাক্ষর নেয়। এখন শুনছি আমার মামলায় কোনো আসামির নাম নেই।’তবে অভিযোগ অস্বীকার করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী দাবি করে বলেন, ‘সামসুদ্দিন সজ্ঞানে অভিযোগ জমা দিয়েছেন। তাঁর দেওয়া অভিযোগই নথিভুক্ত করা হয়েছে।’ এদিকে গতকাল দিনভর ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপের বিভিন্ন কারখানার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কারখানা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করতে দেখা গেছে।