সোনারগাঁয়ে মার্কেটে অগ্নিকাণ্ড, ২০টি দোকান ভস্মীভূত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের মালিকানাধীন মোগড়াপাড়া চৌরাস্তা সমবায় মার্কেটে গতকাল বৃহস্পতিবার ভোরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে মার্কেটের ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মার্কেটের পরিচালক উপজেলা চেয়ারম্যান মোশারফ দাবি করেছেন। অগ্নিকাণ্ডের জন্য দলীয় প্রতিপক্ষের এক নেতা ও তাঁর ভাইকে দায়ী করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মোশারফ আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সারের চাচা।সমবায় মার্কেটের দোকানিরা জানান, ভোর চারটার দিকে মার্কেটে আগুন লাগে। এতে কাপড়, জুতা, মুদি ও মনোহারি দোকান ও রেস্তোরাঁসহ ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের দুই ঘণ্টার পর ঢাকার ডেমরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত চলছে।