সোনারগাঁয়ে মালভর্তি কাভার্ড ভ্যান ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে গত শনিবার রাতে ৬০ লাখ টাকা মূল্যের কাপড়সহ একটি কাভার্ড ভ্যান ছিনতাই হয়েছে। ঘটনার দুই দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ কাভার্ড ভ্যান ও ছিনতাই হওয়া কাপড় উদ্ধার করতে পারেনি। নরসিংদীর বাবুরহাটের চিটাগাং আড়তের মালিক ব্যবসায়ী মো. ইলিয়াছ গত রোববার সোনারগাঁ থানায় দায়ের করা মামলার বিবরণে উল্লেখ করেন, গত ৩১ মার্চ তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৩২ বেল তাঁত কাপড় নিয়ে একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৪২১৪) চট্টগ্রামের টেরীবাজারের উদ্দেশে রওনা হয়। পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় সেকান্দার ফিলিং স্টেশনে গাড়িটি থামিয়ে চালক গাড়িটি মেরামত করার সময় অজ্ঞাত পরিচয়ের দুজন ছিনতাইকারী গাড়িতে উঠে বসে সোনারগাঁয়ে নেমে যাবে বলে জানায়। পরে তারা ওই প্রতিষ্ঠানের কর্মচারী মমিনুল হককে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে চালককে তাঁর আসন থেকে নামিয়ে দিয়ে মালভর্তি কাভার্ড ভ্যানটি ছিনতাই করে নিয়ে দ্রুত পালিয়ে যায়। মামলার বিবরণে বাদী মো. ইলিয়াস আরও উল্লেখ করেন, ছিনতাইকারীদের যোগসাজশ করে কাভার্ড ভ্যানের চালক মো. রুবেল ও হেলপালসহ অজ্ঞাতনামা ছিনতাইকারীরা এ ঘটনাটি ঘটিয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, দেশের বিভিন্ন থানায় ঘটনাটি তারবার্তার মাধ্যমে জানানো হয়েছে। থানাপুলিশের একটি দল বিভিন্ন স্থানে কাভার্ড ভ্যানটি উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।