সোনারগাঁয়ে মাসব্যাপী লোক-কারুশিল্প মেলা ও লোকজ উত্সব শুরু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী লোক-কারুশিল্প মেলা ও লোকজ উত্সব।্রস্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মেলার উদ্বোধন করেন।লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর্সিয়া কমল।মেলায় ১৯২টি চারু ও কারুশিল্প পণ্যের স্টল বসেছে। মেলায় আবহমান গ্রামবাংলার লোকজ জীবনের বিলুপ্তপ্রায় দৃশ্যাবলির প্রদর্শনী, হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা, রাজশাহীর শখের হাঁড়ি, সোনারগাঁয়ের বেতশিল্প ও হাতপাখা, মাগুরার শোলাশিল্প, মণিপুরি তাঁতশিল্প, রংপুরের শতরঞ্জি, নরসিংদীর পাটের শিকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত পণ্যসামগ্রীর প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।্রমেলা উপলক্ষে ১৫০ বিঘা আয়তনের পুরো ফাউন্ডেশনকে সাজানো হয়েছে বর্ণিল সাজে।মেলা চলাকালে প্রতিদিন মেলার লোকজ মঞ্চে জারি-সারি, বাউল-ভাটিয়ালি, পালাগান, কবিগান, হাসন রাজার গান, লালনগীতি, গম্ভীরা, গায়েহলুদের গান, উপজাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে থাকবে গ্রামীণ বিভিন্ন খেলাধুলা। এদিকে এবারের মেলায় স্টল বরাদ্দে অনিয়ম হয়েছে বলে চারু ও কারুশিল্পীরা অভিযোগ করেছেন। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে রবীন্দ্র গোপ বলেন, মেলায় স্টল বরাদ্দে কোনো অনিয়ম হয়নি।