সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব ও মেলার উদ্বোধন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গতকাল শনিবার মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধন করা হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এ উৎসব ও মেলার আয়োজন করেছে।লোকজ উৎসব ও কারুশিল্প মেলার উদ্বোধন উপলক্ষে ফাউন্ডেশন কর্তৃপক্ষ গতকাল সকালে লোকমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেলা ও উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।সভায় আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আবদুল্লাহ্ আল কায়সার, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুল ইসলাম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা বিভিন্ন খেলাধুলা, কামার-কুমার ও স্থানীয় চারু ও কারুশিল্পীদের পুনর্বাসন করা হবে। সোনারগাঁয়ে এসে যাতে দেশ-বিদেশের পর্যটকেরা একনজরে গ্রামবাংলার সবকিছু উপলব্ধি করতে পারে, সে জন্য সরকার একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে।