সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব শুরু কাল
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা এবং লোকজ উৎসব। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।রবীন্দ্র গোপ বলেন, এবারের লোক ও কারুশিল্প মেলা এবং লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার, তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েত আল মামুন এনডিসি, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামসুর রহমান প্রমুখ।রবীন্দ্র গোপ আরও জানান, এবারের মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীদের ১৮২টি স্টল থাকবে। ফাউন্ডেশনের ভেতরে কারুশিল্প গ্রামে ২৪টি স্টলে দেশের ৪৮ জন কারুশিল্পী তাঁদের নিজ হাতে তৈরি কারুশিল্প প্রদর্শন ও বিক্রি করবেন।