সোনারগাঁয়ে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামের ১১ জন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গতকাল শুক্রবার লাঞ্ছিত করেছে এলাকাবাসী। এলাকাবাসী জানায়, নুনেরটেক গ্রামের মৃত ১১ ব্যক্তি হলেন আবদুল মালেক (বয়স্ক ভাতার কার্ড নম্বর ৫০৪), মোস্তফা মিয়া (৫০৫), জরিমুন নেছা (৫০৬), সহিতুন নেছা (৫০৯), জয়নাব আলী (১১৬৩), বাচ্চু মিয়া (৩৯১৬), তোফাজ্জল হোসেন (৩৪৫৩), ময়না বেগম (৩৪৫৫), তারা বিবি (১৬৮৩), সালামত মিয়া (৫০৩ ও ১৬৭৮) এবং সরিফুল মিয়া (৫১০ ও ১৬৮২)। এ ছাড়া ২২ বছরের শুক্কুর আলীও কার্ড (নম্বর ৩৪৫২) পেয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল কাদির প্রতি কার্ডধারীর জন্য প্রতি মাসে বরাদ্দকৃত ৩০০ টাকা মধ্যে নিজে ১৫০ টাকা করে রেখে বাকি টাকা মৃত ব্যক্তিদের পরিবারকে দেন। যে দুজনের নামে দুটি করে কার্ড রয়েছে তার মধ্যে একটি কার্ডের পুরো টাকা তিনি নেন। এদিকে মৃত ব্যক্তিদের কার্ড দিয়ে তাঁদের নামে টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করার অভিযোগ এনে ওই গ্রামের লোকজন গতকাল কাদিরকে লাঞ্ছিত করেছে।মৃত বাচ্চু মিয়ার ছেলে মো. হূদয় জানান, তাঁর বাবা এক বছর আগে মারা যান। এরপর কাদির বাবার কার্ড নিজের হেফাজতে রেখে প্রতি মাসে তাঁদের ১৫০ টাকা দেন। বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম জানান, মৃত ব্যক্তিদের নামে টাকা উত্তোলন করা অন্যায়। বিষয়টি অবগত হয়ে প্রশাসনকে জানিয়েছি।আবদুল কাদির জানান, মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা এ অনিয়মের সঙ্গে জড়িত। তিনি জড়িত নন।উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুর রব জানান, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে কয়েকটির প্রমাণ পেয়েছি।