দখলে-দূষণে বিপর্যস্ত মেঘনা নদীতে জাল ফেললে মাছ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। মাছ খাওয়ার লোভে আসা পাখিদের দেখা মেলাও ভার। তবে গত বৃহস্পতিবার বিকেলে মেঘনায় মাছ ও পাখি উভয়েরই দেখা মিলছে। নদীর দুই পাড় দিয়ে ভেসে আসছিল মৃত-অর্ধমৃত মাছ। আর তা খেতে আসছিল চিলের দল। নদীর তীরের মানুষও ওই মাছ সংগ্রহে নেমে পড়েছেন। গতকাল শনিবার বিকেলেও সরেজমিনে মেঘনার তীরে গিয়ে দেখা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মানুষেরা নদীতে ছোট জাল, এমনকি গামছা টানা দিয়ে মাছ ধরছেন। অনেকে হাত দিয়েও মৃত চিংড়ি আর ছোট ছোট মাছ ধরছেন। মৃত ফ্যাকাসে মাছ অনেক জায়গায় দুর্গন্ধও ছড়াচ্ছে। গতকাল বিকেলে সোনারগাঁয়ের কান্দারগাঁও এলাকায় গিয়ে দেখা গেল, নদীর তীরে পড়ে থাকা মৃত মাছের সঙ্গে কাঁকড়া আর শামুকের স্তূপ। পাশে দেখা গেল কয়েকটি সাপের মৃতদেহ। নদীর মধ্যে পুঁতে রাখা বাঁশের ওপর এক দল চিল ওই মাছ খাওয়ার জন্য যেন অপেক্ষা করছে। স্থানীয় লোকজনের অভিযোগ, প্রায় প্রতি বৃহস্পতিবার নদীর দুই তীরে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলো তাদের বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) বন্ধ করে দেয়। সরকারি ছুটির সুযোগে তারা অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে ফেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি শিল্পপ্রতিষ্ঠান থেকে দুর্গন্ধযুক্ত তরল বর্জ্য নদীতে ফেলা হয়। এর পর থেকেই মাছ মরা শুরু হয়েছে বলে দাবি তাঁদের। সোনারগাঁ ফেরিঘাট এলাকার ট্রাকচালক মোছলে উদ্দিন প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার ওই দুর্গন্ধযুক্ত বর্জ্য ফেলার পর থেকে নদীর পানিতে সাদা ফেনার সৃষ্টি হয়। পরে মাছ, কাঁকড়া, শামুক ও সাপ ভেসে উঠতে থাকে। নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আবদুল হাই প্রথম আলোকে জানান, নদীর মাছ মরে যাওয়ার খবর পাওয়ার পরই সেখানে পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিনিধিদলকে পাঠানো হয়েছে। মেঘনা থেকে পানি ও মৃত মাছ এনে তা পরীক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, কোন প্রতিষ্ঠান এই বর্জ্য ফেলেছে তাও অনুসন্ধান করা হচ্ছে। কাদিরগঞ্জের পাথরতোলার ঘাটে গিয়ে দেখা গেল ২০-২৫ জন বিভিন্ন বয়সী মানুষ জাল ও হাত দিয়ে মাছ ধরছেন। কথা বলে জানা গেল, তাঁরা স্থানীয় একটি শিল্পপ্রতিষ্ঠানের কর্মচারী। গত দুই দিন স্থানীয় অনেককে এখান থেকে মাছ ধরতে দেখে গতকাল তাঁরা শখের বসে মাছ ধরতে এসেছেন বলে জানান ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হামদর্দের কর্মচারী মনির হোসেন। তিনি বলেন, শুক্রবার সারা দিন স্থানীয় লোকজন মাছ ধরেছেন।