সোনারগাঁয়ে মেছো বাঘের তিনটি বাচ্চা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কোনাবাড়ী গ্রামের একটি বাড়ি থেকে গতকাল সোমবার সকালে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের আমির হোসেনের পরিত্যক্ত ঘরে সকাল ছয়টার দিকে বাঘের বাচ্চাগুলোর চেঁচামেচি শোনা যায়। একপর্যায়ে গ্রামবাসী ওই ঘরের দরজা খোলার পর মা-বাঘটি পালিয়ে যায়। পরে বাচ্চা তিনটি উদ্ধার করে সোনারগাঁ থানায় আনা হয়। কোনাবাড়ী গ্রামের মোশারফ হোসেন প্রথম আলোকে জানান, বিভিন্ন সময় এখানে মেছো বাঘ দেখা গেছে। এর আগেও গ্রামবাসী একটি বাঘ দেখতে পেয়ে ধাওয়া দেয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন জানান, মেছো বাঘের তিনটি বাচ্চা থানা থেকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাচ্চাগুলো সুস্থ আছে।