সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ওই শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
উপজেলার পিরোজপুর ইউনিয়নের হাজী লাল মিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। স্থানীয় চর গোয়ালদী শিশুকানন সেবা সংঘের উদ্যোগে এ বছর চর গোয়ালদী শিশুকানন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাসিমা আক্তার, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ছাত্রজীবনে যদি কেউ হেলায় সময় নষ্ট করে, তাহলে তার সারা জীবনই বৃথা হয়ে যাবে। আর ছাত্রজীবনে যে যত বেশি কষ্ট করবে, ভালো করে লেখাপড়া করবে; সে জীবনে তত সফলতা অর্জন করতে পারবে। তিনি আরও বলেন, মা-বাবাকে সব সময় সম্মান করতে হবে।