সোনারগাঁয়ে মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে শিশুসন্তানকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে গতকাল বুধবার সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন মেয়েটির মা।মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ১২ ও সাত বছর বয়সী তাঁর দুই মেয়ে আছে। নেশা ও নারীঘটিত বিষয়ে প্রতিবাদ করায় গত ৬ ফেব্রুয়ারি তাঁকে তালাক দেন স্বামী। এরপর তিনি তাঁর বাবার বাড়িতে চলে যান। কিন্তু তাঁর দুই মেয়েকে রেখে দেন সাবেক স্বামী। ওই বাড়িতে আর কেউ থাকতেন না। গত এক মাসে তাঁর সাবেক স্বামী বড় মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন। গত মঙ্গলবার মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। মেয়েটি কৌশলে এক প্রতিবেশীর মাধ্যমে মুঠোফোনে তাঁকে ঘটনা জানায়। তিনি এলাকাবাসীর সহযোগিতায় বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে দুই মেয়েকে উদ্ধার করেন।মামলার তদন্ত কর্মকর্তা ও সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, মেয়েটির মায়ের অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে বাবাকে আটক করা হয়। গতকাল দুপুরে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেয়েটি ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করেন এবং ঘটনার সত্যতা পেয়ে মামলা নেওয়ার সিদ্ধান্ত নেন। মেয়েটির বাবা গতকাল সোনারগাঁ থানা হাজতে সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘সে (মেয়েটি) অন্য কারও কাছে ধর্ষণের শিকার হতে পারে। আমার মাধ্যমে ধর্ষণের বিষয়টি কেউ প্রমাণ করতে পারবে না। মেয়ের ডাক্তারি পরীক্ষায় প্রমাণ পাওয়া গেলে আমার যা শাস্তি হয় মাথা পেতে নেব।’মেয়েটি তার শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে সাংবাদিকদের বলে, ‘আমার বাবা আমার সঙ্গে একাধিকবার খারাপ কাজ করেছেন। বিষয়টি কাউকে জানালে আমাদের দুই বোনকে একসঙ্গে মেরে ফেলবে বলে হুমকি দিতেন, মারধর করতেন।’আজ বৃহস্পতিবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি নেওয়া হবে বলে জানিয়েছেন এসআই আবুল বাশার।