সোনারগাঁয়ে যাত্রীদের ওপর বাসশ্রমিকদের হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মিরেরটেক এলাকায় বাসচালক ও পরিবহন শ্রমিকেরা পিটিয়ে অন্তত পাঁচ যাত্রীকে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেলে বাস চালানোর সময় চালককে মুঠোফোনে কথা বলতে বারণ করার জেরে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে এলাকাবাসী মদনপুর-আড়াইহাজার সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আড়াইহাজারগামী অভিলাষ পরিবহনের ওই বাসের চালক বাস চালানোর সময় মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় কয়েকজন যাত্রী তাঁকে কথা বলা বন্ধ করে সাবধানে বাস চালানোর অনুরোধ করেন। কিন্তু চালক জাহাঙ্গীর (৩০) এতে পাত্তাই দেননি। এ নিয়ে যাত্রীদের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। পরে বাসটি সোনারগাঁয়ের মিরেরটেক এলাকায় পৌঁছালে সেখানে বাস থামিয়ে পরিবহন শ্রমিকদের সহযোগিতায় রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ওই পাঁচ যাত্রীকে আহত করা হয়। এতে লিটন নামের এক যাত্রী গুরুতর আহত হন। তাঁকে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী প্রথম আলোকে জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।