সোনারগাঁয়ে যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও পৌরসভা যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার কাঁচপুরে ঝাড়ুমিছিল ও প্রতিবাদ সভা করেছেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।যুবদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের অভিযোগ, জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহ আলম মোটা অঙ্কের উৎকোচ নিয়ে গোপনে সোনারগাঁ উপজেলা ও পৌরসভা যুবদলের নতুন কমিটি গঠন করেছেন।উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুর স্বপনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাদ্দাম হোসেন, আশরাফ প্রধান, বদিউল আলম মোল্লা, আবুল হাসেম। সভায় বক্তারা বলেন, জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গত সোমবার গোপনে সোনারগাঁ উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটির অনুমোদন দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠান। তাঁরা বলেন, গঠনতন্ত্রে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার নিয়ম রয়েছে।সভা শেষে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তাঁরা ঝাড়ুমিছিল বের করেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘ত্যাগী নেতা-কর্মীদের নিয়েই নতুন কমিটি গঠন করা হয়েছে। আমরা কোনো দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত নই। দলের কয়েকজন সুবিধাবাদী নেতা আমাদের বিরুদ্ধে আন্দোলন করছেন।’