সোনারগাঁয়ে যুবলীগের নেতা-কর্মীদের বাড়িতে পাল্টা হামলা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ঘাট এলাকায় গতকাল মঙ্গলবার যুবলীগের তিন নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় যুবলীগের পাঁচ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এরপর আবার হামলা ও সংঘর্ষের আশঙ্কায় মেঘনা ঘাট এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।
গত সোমবারের হামলার ঘটনার জের ধরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহফুজুর রহমান কামালের লোকজন গতকাল পাল্টা হামলা চালান বলে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশারফ হোসেনের সমর্থকেরা গত সোমবার দলের ‘বিদ্রোহী’ প্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে বোমা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমানের নেতৃত্বে হামলায় যুবলীগের শতাধিক নেতা-কর্মী ছিলেন। গতকাল সকালে মাহফুজুরের সমর্থকেরা মেঘনাঘাট এলাকায় মাসুদুর, যুবলীগ কর্মী হানিফ মিয়া ও হিরু মিয়ার বাড়িঘরে ভাঙচুর চালান এবং যুবলীগের কর্মী মোজাম্মেল হক, জহিরুল ইসলাম, মিজানুর রহমান, হামেদ ব্যাপারী ও ইসলাম ব্যাপারীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনার পর পাল্টা হামলার আশঙ্কায় মেঘনাঘাট এলাকার মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ, হামদর্দ বিশ্ববিদ্যালয়, প্রতাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কাশেম জানান, নিরাপত্তাহীনতার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় পাঠদান করা সম্ভব হয়নি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগের দুই পক্ষকে নিয়ে আপসের চেষ্টা চলছে। তাই কোনো মামলা হয়নি।