সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের গোয়ালদী গ্রামে গতকাল রোববার যৌতুকের দাবিতে হিমু আক্তার (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামের মৃত কাজল ভূঁইয়ার মেয়ে হিমু আক্তারের (২৫) সঙ্গে দুই বছর আগে একই গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে জুয়েলের বিয়ে হয়। নিহত হিমুর ভাই রিপন ভূঁইয়া অভিযোগ করেন, যৌতুক নিয়ে সকালে কথাকাটাকাটির একপর্যায়ে জুয়েল ও তাঁর বাবা-মা পিটিয়ে হিমুকে গুরুতর আহত করেন এবং তাঁর মুখে বিষ ঢেলে দেন। পরে হিমু বিষ পান করেছেন বলে প্রচার চালানো হয় এবং তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।সোনারগাঁ থানার ওসি ইউনুস আলী জানান, এ ব্যাপারে নিহত হিমুর মা রেহেনা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওসি জানান, নিহত হিমুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হিমুর শ্বশুরবাড়ির সদস্যরা ঘটনার পর থেকে পলাতক।