সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াকান্দি গ্রামে যৌতুকের দাবিতে গত শনিবার রাতে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম বিলকিছ আক্তার। এ ঘটনায় গতকাল রোববার সোনারগাঁও থানায় হত্যা মামলা হয়েছে।পারিবারিক সূত্র জানায়, নোয়াকান্দি গ্রামের তাওলাদ হোসেনের সঙ্গে বন্দর উপজেলার কাজীপাড়া গ্রামের বিলকিছ আক্তারের (২৫) চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাঁর স্বামী, শ্বশুর-শাশুড়ি, দেবর আনোয়ার হোসেন, ননদ রুবিনা ও রুজিনা তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। বিলকিছের বাবা জজ মিয়ার অভিযোগ, যৌতুকের দাবিতে তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে। তিনি জানান, এ ঘটনায় তিনি বিলকিছের স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ আটজনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।