সোনারগাঁয়ে রাজনৈতিক বিবেচনায় ১৯ পশুর হাট!
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এই বছর রাজনৈতিক বিবেচনায় ১৯টি অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান করেছে উপজেলা প্রশাসন। দুটি স্থায়ী পশুর হাট থাকা সত্ত্বেও নামমাত্র মূল্যে এসব হাটের ইজারা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
১৬ আগস্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষে রেভিনিউ ডেপুটি কালেক্টর রিফাত ফেরদৌস স্বাক্ষরিত এক পত্রে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নে ১৯টি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের অনুমতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈদুল আজহার তিন দিন আগে অস্থায়ীভাবে ১৯টি হাটের ইজারার জন্য দরপত্র বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তি অনুযায়ী ২১ আগস্ট দরপত্র জমা দেওয়ার শেষ দিন।
যেসব অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে তার মধ্যে রয়েছে হোসেনপুর কবরস্থান মাঠ, চরকিশোরগঞ্জ বালুর মাঠ, সোনারগাঁ ডিগ্রি কলেজ মাঠ, হাজি গিয়াস উদ্দিন ইঞ্জিনিয়ার বালুর মাঠ, প্রতাপেরচর বালুর মাঠ, বৈদ্যেরবাজার লঞ্চঘাট মাঠ, ধন্ধিরবাজার মাঠ, নয়াপুর বাচ্চু মেম্বারের বাগানবাড়ির মাঠ, রিলায়েন্স হাউজিং মাঠ, রায়েরটেক বালুর মাঠ, বাংলাবাজার বালুর মাঠ, আলমদী দক্ষিণপাড়া চকবাজার মাঠ, বিষ্ণাদী বাজার মাঠ, তালতলা বালুর মাঠ, বরাব বাজার মাঠ, হরিহরদী বাজার মাঠ, মুন্দিরপুর নোয়াদ্দা বাবু বাজার মাঠ, মাঝেরচর গাজী কালু মাজার মাঠ ও অলিপুরা বাজার বালুর মাঠ।
এই ১৯টি অস্থায়ী হাটের বাইরে সোনারগাঁ পৌরসভার মুন্সীরাইল বাজারে আরও একটি পশুর হাট কয়েক বছর ধরে বসছে। এ হাটের অনুমোদন দেয় পৌরসভা কর্তৃপক্ষ। ২০টি অস্থায়ী পশুর হাট ছাড়াও উপজেলার আনন্দবাজার ও কাইকারটেকে দুটি বৃহত্তর স্থায়ী পশুর হাট রয়েছে।
উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, রাজনৈতিক বিবেচনায় পাঁচ বছর ধরে এসব হাটের ইজারা হয়। সমঝোতা করে ক্ষমতাসীন দলের নেতারা হাটের ইজারা নেন। ৫ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকার মধ্যে এসব হাটের ইজারা দেওয়া হতো। হাটের ইজারার কম মূল্য নিয়ে গত বছর গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর উপজেলা প্রশাসন হাটের ইজারামূল্য সর্বনিম্ন ৫০ হাজার টাকা বেঁধে দেয়। পরে গত বছর সব কটি হাট ৫০ হাজার টাকা করে দিয়ে ইজারা নিতে বাধ্য হন ইজারাদারেরা।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এবং এলাকাবাসী যাতে নির্বিঘ্নে কাছাকাছি স্থান থেকে পশু কিনতে পারে—সে জন্যই এত বেশিসংখ্যক হাটের অনুমোদন দেওয়া হয়েছে।