সোনারগাঁয়ে রাস্তা সরু করে সীমানাপ্রাচীর, বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ জনগণের চলাচলের রাস্তা সরু করে সীমানাপ্রাচীর নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই কাজ অবিলম্বে বন্ধ করতে এলাকাবাসী গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা থেকে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন হয়ে পানাম নগর পর্যন্ত একমাত্র সড়কটি ব্যবহার করে প্রতিদিন দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক ও এলাকাবাসী। ফাউন্ডেশন কর্তৃপক্ষ এক সপ্তাহ ধরে ফাউন্ডেশনের সামনে রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা না রেখে সীমানাপ্রাচীর নির্মাণ করছে। এ ব্যাপারে স্থানীয় আমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ জানান, এ সড়কটি ব্যবহার করে প্রতিদিন দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক ও এলাকাবাসী চলাচল করে। এতে প্রতিদিন ফাউন্ডেশনের সামনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ লাঘবে এলাকাবাসী সড়কটি প্রশস্ত করার জন্য স্থানীয় সাংসদের কাছে অনুরোধ জানিয়েছেন। এ অবস্থায় পর্যাপ্ত জায়গা না রেখে সীমানাপ্রাচীর তৈরির মানে হয় না।এদিকে রাস্তা সরু করে সীমানাপ্রাচীর করার অভিযোগে এলাকাবাসী গতকাল পানাম নগর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।এ ব্যাপারে ইউএনও নূর্সিয়া কমল জানান, স্মারকলিপি পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ জানান, এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। আমরা আমাদের জায়গাতেই সীমানাপ্রাচীর করছি।