সোনারগাঁয়ে রেলওয়ের জমি দখলের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে রেলওয়ের জমি দখল করে বিপণিবিতান নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার নয়াপুর বাজারে রেলওয়ের ৭২ বিঘা জমি আছে। মদনগঞ্জ-নরসিংদী রেললাইন থাকা অবস্থায় এসব জমি অধিগ্রহণ করেছিল রেলওয়ে। ১৯৮৯ সালে রেললাইন তুলে দিয়ে সরকার পাকা সড়ক নির্মাণ করে। এরপর থেকে রেলওয়ের এসব জমি বেদখল হয়ে যায়। দখলদারেরা জমিতে পাকা-আধা পাকা স্থাপনা ও দোকানপাট নির্মাণ করে। এক সপ্তাহ ধরে রেলওয়ের জমির কিছু অংশে স্থানীয় সাদিপুর গ্রামের আলী হোসেন, জাকির হোসেন ও আমির হোসেন বিপণিবিতান নির্মাণের কাজ শুরু করেন। এ ঘটনায় নয়াপুর গ্রামের বাসিন্দা গোলাম মুহাম্মদ মোল্লা বাদী হয়ে গতকাল সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেন।
লিখিত অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে তিনি (গোলাম মুহাম্মদ) রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ওই জমি ইজারা নিয়ে দোকানপাট বানিয়ে ব্যবসা করে আসছেন। কয়েক দিন ধরে সাদিপুর গ্রামের আলী হোসেন, জাকির হোসেন ও আমির হোসেন জোরপূর্বক তাঁর দোকানপাট ভেঙে মার্কেট নির্মাণ শুরু করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন বলেন, ‘এ সম্পত্তি রেলওয়ের হলেও দীর্ঘদিন ধরে আমরা দখল করে ব্যবসা-বাণিজ্য করছি। আমরা কারও দখলের জায়গা নতুন করে দখল করিনি। সরকার চাইলে আমরা জায়গা ছেড়ে দেব। আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি। সরকারি সম্পত্তিতে মার্কেট নির্মাণ করতে নিষেধ করা হয়েছে।’
রেলওয়ের কমলাপুরের সহকারী এস্টেট কর্মকর্তা হাবিবুল্লাহ মিয়া বলেন, ‘আমাদের কিছু সম্পত্তি কৃষিকাজের জন্য ইজারা দেওয়া হয়েছিল। তবে বেশির ভাগ জমিই ইজারা দেওয়া হয়নি। যাঁরা ইজারা নিয়েছে তাঁরা চুক্তির শর্ত ভেঙেছেন। তাঁরা ভূমির শ্রেণি পরিবর্তন করে মাটি ফেলে উঁচু করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করেছেন। আবার অনেকে ভুয়া দলিলপত্র তৈরি করে সরকারি সম্পত্তি বিক্রি করেছেন। বিষয়টি আমরা স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশকে লিখিতভাবে অবগত করেছি। আমরা উচ্ছেদ অভিযান চালানোরও প্রস্তুতি নিচ্ছি।’