সোনারগাঁয়ে লিচুর ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈরী আবহাওয়ার কারণে এ বছর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় লিচুর ফলন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবিটি গত বুধবার সকালে সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রাম থেকে তোলা l প্রথম আলো
বৈরী আবহাওয়ার কারণে এ বছর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় লিচুর ফলন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবিটি গত বুধবার সকালে সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রাম থেকে তোলা l প্রথম আলো

বৈরী আবহাওয়ার কারণে এ বছর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে লোকসানের মুখে পড়েছেন চাষি, বাগান মালিক ও ব্যবসায়ীরা।
স্থানীয় চাষি ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের অন্য স্থানের তুলনায় সোনারগাঁয়ের লিচু আগেভাগে পাকা শুরু হয়। দেশজুড়ে এ এলাকার কদমি লিচুর খ্যাতি আছে। রাজধানীর অদূরে প্রত্নতাত্ত্বিক নির্দশনসমৃদ্ধ এ উপজেলার বিভিন্ন বাগান থেকে শখ করে লিচু কিনতে ভিড় করেন পর্যটকসহ অনেকে। সবার আগে বাজারে আসায় চাষি দামও বেশি পান। কিন্তু এ বছর লিচুর মুকুল ধরার সঙ্গে সঙ্গে অতিবৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে। এ কারণে অধিকাংশ মুকুল ঝরে যায়। এখন নতুন করে টানা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের কবলে পড়ছে আধা পাকা লিচু।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় প্রতিবছর অন্তত ১২০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়। এখানে শিল্পায়ন ও বসতি বৃদ্ধির কারণে কৃষিজমি কমে গেলেও লিচুর বাগানের সংখ্যা প্রতিবছর বাড়ছে। এলাকার বিত্তবান মানুষ তাঁদের নিচু ভূমি উঁচু করে লিচুর বাগান করেন।
গত বুধবার সকালে পৌরসভার জয়রামপুর, গোবিন্দপুর, চিলারবাগ, দৈলেরবাগ, দত্তপাড়া, অর্জুন্দী, গোয়ালদী, পানাম গাবতলী, বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া, মনারবাগ ও মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ গ্রামের বিভিন্ন লিচু বাগানে গিয়ে দেখা গেছে, গাছে লিচু খুবই কম। চাষি ও পাইকারেরা বলেছেন, এ বছর বড় বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন পাইকারেরা। কারণ তাঁরা মূলত গাছে মুকুল ধরার আগেই লিচুর বাগান কিনে নেন। আবার অনেকে মুকুল ধরার সঙ্গে সঙ্গে লিচুর বাগান কেনেন। অনেকে আবার তিন বছরের জন্য বাগান মালিকদের সঙ্গে চুক্তি করেন। এসব কারণে লাভ-লোকসানের সিংহভাগ পাইকারদেরই হয়। এ বছর বৈরী আবহাওয়ার কারণে লিচুর ফলন ভালো হয়নি। এতে পাইকারদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
ভট্টপুর গ্রামের বাসিন্দা লিচুর পাইকারি ব্যবসায়ী শাহজালাল মিয়া প্রথম আলোকে বলেন, ১০ লাখ টাকা স্থানীয় সমিতি থেকে ঋণ নিয়ে দুই বছরের জন্য তিনি তিনটি বাগানের লিচু কেনার চুক্তি করেছিলেন। এবার মুকুল ধরার আগেই তিনি বাগান মালিককে পুরো টাকা পরিশোধ করেছেন। এখন ওই তিনটি বাগানের লিচু তিনি সর্বোচ্চ দুই লাখ টাকায় বিক্রি করতে পারবেন।
হাড়িয়া গ্রামের লিচু বাগানের মালিক আক্তারুজ্জামান বলেন, ‘প্রতিবছর যে পরিমাণ টাকায় আমরা বাগান বিক্রি করি, এ বছর তার তিন ভাগের এক ভাগও পাব কি না, সন্দেহ। সারা বছরের বাগান পরিচর্যা করার টাকাও আমাদের উঠবে না।’
পানাম গাবতলী গ্রামের লিচুচাষি নুরুল ইসলাম বলেন, ‘আমি দুটি বাগান বর্গা নিয়ে চাষ করি। লিচু বিক্রি করে পুরো বছর সংসারের খরচ জোগাই। কিন্তু এ বছর লোকসান গুনতে হবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ বলেন, বৈরী আবহাওয়ার কারণে এ বছর এখানে লিচুর যে ক্ষতি হয়েছে, স্মরণকালে তা হয়নি।