সোনারগাঁয়ে লোক কারুশিল্প মেলা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামবাংলার কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরতে সোনারগাঁয়ে আজ শনিবার শুরু হচ্ছে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। মাসব্যাপী এ মেলার আয়োজক বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। এবারের মেলায় থাকছে ১৬৭টি স্টল।দেশের বিভিন্ন এলাকার চারু, কারু ও বাউলশিল্পীরা এরই মধ্যে সোনারগাঁ এসে ভিড় জমিয়েছেন।নরসিংদীর মাধবদী থেকে আসা কারুশিল্পী আমজাদ সরকার জানান, ‘এ মেলার জন্য আমরা পুরো বছর অপেক্ষায় থাকি। এখানে এসে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাই।’গতকাল সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, ১৫০ বিঘা আয়তনের পুরো লোক ও কারুশিল্প ফাউন্ডেশনকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। মেলা উপলক্ষে ফাউন্ডেশনের ভেতরের লেকে নৌভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকেরা জানান, মেলার যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ প্রথম আলোকে জানান, অন্য বছরের তুলনায় এবারের মেলায় নতুনত্ব থাকছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। আয়োজক সংস্থা জানিয়েছে, লোকজ উৎসব উপলক্ষে প্রতিদিনই গ্রামীণ খেলা কলাগাছে ওঠা, পানিতে হাঁস ধরা, লাঠিখেলা, মোরগ লড়াই, সাপের খেলা, ঘুড়ি ওড়ানোসহ হারিয়ে যেতে বসা বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় মেলার লোকমঞ্চে অনুষ্ঠিত হবে জারি, সারি, পালাগান, হাসন রাজার গান, কবিগান, বাউলগান, শরিয়তি ও মারফতি গান এবং নাটক।