সোনারগাঁয়ে শতবর্ষী দুটি হাট উন্নয়নের উদ্যোগ নেই
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শত বছরের পুরোনো দুটি হাট রয়েছে। হাট দুটির একটি সপ্তাহের এক দিন ও অন্যটি দুই দিন বসে। হাটবারে সরগরম হয়ে ওঠে। কিন্তু হাট দুটিতে শৌচাগার নেই। নদ-নদীর তীরে কোনো ঘাট নেই। হাট দুটির উন্নয়নে সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শত বছর আগে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেকে ব্রহ্মপুত্র নদের তীরে কাইকারটেক হাট এবং বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী এলাকায় মেঘনা নদীর তীরে আনন্দবাজার হাটের যাত্রা শুরু হয়। কাইকারটেক হাট বসে প্রতি রোববার। আর আনন্দবাজার হাট সপ্তাহে দুই দিন শনি ও বুধবার বসে। প্রায় ৫০ বিঘা জমির ওপর কাইকারটেক হাট ও ৪০ বিঘা জমির ওপর আনন্দবাজার হাট বসে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ দুটি হাট এ জেলার সবচেয়ে পুরোনো ও বড়। আনন্দবাজার হাট থেকে গত বছর সরকার রাজস্ব পেয়েছিল ৮২ লাখ টাকা এবং কাইকারটেক হাট থেকে ১৬ লাখ টাকা।
এলাকার প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলপথ ও সড়ক পথে পণ্য আনা-নেওয়ার সুবিধার্থে দুটি নদ-নদীর তীরে দুটি হাট বসানো হয়। সোনারগাঁ উপজেলা ছাড়াও পাশের বন্দর, আড়াইহাজার, কুমিল্লার মেঘনা, দাউদকান্দি ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দারা দুটি হাটে নানা পণ্য ক্রয়-বিক্রয় করেন।
আনন্দবাজার হাটের ইজারাদার নবী হোসেন বলেন, এ হাটে বাঁশ, কাঠ, গরু-ছাগল, হাঁস-মুরগি থেকে শুরু করে তরমুজ, চাল, ডালসহ কৃষকদের উৎপাদিত বিভিন্ন পণ্য পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। ঈদুল আজহার সময় নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পশুর হাট এখানে বসে। শত বছরের পুরোনো এই হাট এখনো ঐতিহ্য ধরে রেখেছে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর সরকারিভাবে এ হাটের কোনো উন্নয়নকাজ করা হয়নি। নদীপথে মালামাল আনা-নেওয়ার জন্য কোনো ঘাট নির্মাণ করা হয়নি। পুরো হাটে কোনো শৌচাগার নেই। মাছ ও মাংসের জন্য শেড নির্মাণ করা হয়নি। হাটের জায়গা নিচু হওয়ার কারণে বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়, তখন পাশের সড়কের ওপর হাট বসাতে হয়।
আনন্দবাজার হাটের পাইকারি ব্যবসায়ী মোসলেউদ্দিন বলেন, সরকার এই হাট থেকে প্রতিবছর যে রাজস্ব পায় এর ৫ ভাগের ১ ভাগ টাকা খরচ করলেই মানুষের সুযোগ-সুবিধা বাড়ত। হাট উন্নয়নে সরকারের জনপ্রতিনিধি ও কর্মকর্তারা আশ্বাস দিলেও কেউ কথা রাখেননি।
এদিকে কোষানৌকা, পোতা মিষ্টি, কাঠ, বাঁশ ও কৃষিজাত পণ্যের জন্য কাইকারটেক হাট নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় সুপরিচিত। বিশেষ করে বর্ষা মৌসুমে কোষানৌকা কেনাবেচার জন্য সব স্থানের মানুষ এ হাটে ভিড় করে।
হাটের ইজারাদার আবদুস সামাদ বলেন, এই হাটে নদের তীরে ঘাট নির্মাণ করা একান্ত দরকার। তা ছাড়া হাটে প্রয়োজনীয় শৌচাগার নেই। এ ছাড়া রয়েছে নানা ধরনের সমস্যা। এসব সমস্যার সমাধান হলে মানুষ হাটের প্রতি আরও বেশি আগ্রহ নিয়ে বেচাকেনা করতে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম বলেন, সোনারগাঁয়ের শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই হাট দুটির উন্নয়নমূলক কাজ শিগগির শুরু করা হবে।