সোনারগাঁয়ে শিক্ষার্থীদের পিটুনি, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি বিদ্যালয়ে গত বুধবার ১৫ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের শিরাব এলাকার সোনারগাঁ আইডিয়াল স্কুলে পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের জন্য কোচিং বাধ্যতামূলক করা হয়। কোচিং বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে মাথাপিছু মাসিক বেতনের অতিরিক্ত ৫০০ টাকা আদায় করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানটির এ নিয়মের প্রতিবাদ করে কোচিংয়ে দেরিতে আসায় বুধবার সকালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বেত দিয়ে পিটিয়ে ১৫ শিক্ষার্থীকে আহত করেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণের দাবিতে মদনপুর-গাজীপুর (ঢাকা বাইপাস) সড়কের বস্তল এলাকায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ কামাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুরভী আক্তার বলে, ‘কোচিংয়ে আসতে দেরি হওয়ায় প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে আমাদের এলোপাতাড়ি পিটিয়েছেন। কোচিংয়ের নামে অন্যায়ভাবে আমাদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে।’
আশরাফুল ইসলাম বলেন, ‘শ্রেণিকক্ষে দেরি করে আসার কারণে কয়েকজন শিক্ষার্থীকে সামান্য শাসন করা হয়েছে। বাড়তি ফি নেওয়ার প্রশ্নই আসে না। কিছু মানুষ শিক্ষার্থী ও অভিভাবকদের ভুল বুঝিয়ে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।’
এসআই শাহ কামাল বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীনুর ইসলাম বলেন, বিষয়টির তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।