সোনারগাঁয়ে শিশু অপহরণের ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলের গাঁও গ্রাম থেকে গত বুধবার সোয়াইদ হোসেন (৫) নামের এক শিশুকে অপহরণ করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে গতকাল শুক্রবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ জানায়, অপহূত সোয়াইদ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলের গাঁও গ্রামের মাসুম মিয়ার ছেলে। সে স্থানীয় শান্তিনগর দারুল নাজাত মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ে। বুধবার দুপুরে সোয়াইদকে পাখি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি খেলার মাঠ থেকে গাড়িতে তুলে নিয়ে যান একই এলাকার এমদাদ হোসেন, ইকবাল মিয়া, মাজহারুল ইসলাম, নাসির উদ্দিন ও আবদুল খালেক।শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে মঙ্গলের গাঁও এলাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করে। এরপর পুলিশ নাসির উদ্দিন ও আবদুল খালেককে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন বলেন, শিশু অপহরণের ঘটনায় তার বাবা বাদী হয়ে ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। শিশুটির বাবা মাসুম মিয়া বলেন, ‘অপহরণকারীরা আমার ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে। আমি মুক্তিপণ দিতে রাজি হলেও তারা আমার ছেলেকে ফিরিয়ে দিচ্ছে না।’